Image description

খুলনার দিঘলিয়া উপজেলায় ছিনতাইকারীদের সাথে এক বিকাশ ব্যবসায়ীর ধস্তাধস্তির সময় ছিনতাইকারীর ছোড়া গুলিতে সাগর নামের এক ছিনতাইকারী নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে উপজেলার দেয়াড়া-দৌলতপুর খেয়াঘাট এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় ওই বিকাশ ব্যবসায়ী হায়দারও আহত হয়েছেন।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে তিন ছিনতাইকারীর কবলে পড়েন বিকাশ ব্যবসায়ী হায়দার। ছিনতাইকারীরা তার টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করলে হায়দার সাহস করে এক ছিনতাইকারীকে জাপটে ধরেন। তাকে ছাড়াতে অন্য ছিনতাইকারীরা গুলি ছোড়ে। কিন্তু গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে তাদেরই সহযোগী সাগরের গায়ে লাগে।

এ সময় ধস্তাধস্তিতে দোকানদার হায়দারও আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ছিনতাইকারী সাগরকে মৃত ঘোষণা করেন। আহত হায়দারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এ ঘটনায় জড়িত অন্য ছিনতাইকারীদের আটকে অভিযান চালাচ্ছে।

মানবকণ্ঠ/ডিআর