বড়াইগ্রামে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
নাটোরের বড়াইগ্রামে মালবাহী ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে সাগর হোসেন (২৯) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পারকোল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাগর হোসেন চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার গোয়ালমারী গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটির চালক ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ময়মনসিংহ থেকে চুয়াডাঙ্গাগামী একটি প্রাইভেটকারের (ঢাকা মেট্রো-গ ২২-২৯২২) সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট ১৮-৪৪৬৯) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায় এবং চালক সাগর হোসেন ঘটনাস্থলেই প্রাণ হারান। এ সময় কারে থাকা এক যাত্রী আহত হন। তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাক ও দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments