Image description

বাগেরহাটের চিতলমারী উপজেলায় গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে রাজিব শেখ নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলার কলাতলা ইউনিয়নের চিংগড়ি গ্রামে দফায় দফায় এই সহিংসতা চলে। এ সময় অন্তত ২০টি বসতবাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

নিহত রাজিব শেখ ওই গ্রামের ফারুক শেখের ছেলে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ সৌরভ বিশ্বাস (১৮) নামে এক যুবককে আটক করেছে। সে স্থানীয় সোহেল বিশ্বাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চিংগড়ি গ্রামে দীর্ঘ দিন ধরে ‘বিশ্বাস’ ও ‘শেখ’ বংশের মধ্যে সামাজিক আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। পূর্ববিরোধের জেরে বৃহস্পতিবার দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। কয়েক ঘণ্টাব্যাপী চলা এই তান্ডবে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলাকারীরা একের পর এক বাড়িতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানায়, বিশ্বাস গ্রুপের লোকজন শেখ বংশের বাড়িঘরে হামলা চালিয়ে মূল্যবান মালামাল লুট করার পর আগুন ধরিয়ে দেয়। এমনকি ভিক্ষা করে জীবিকা নির্বাহ করা দরিদ্র নারী রহিমার একমাত্র ঘরটিও পুড়িয়ে দেওয়া হয়েছে। ভুক্তভোগী পলাশী বেগম বলেন, "হামলাকারীরা আমাদের স্বর্ণালঙ্কার ও আসবাবপত্র লুট করে নিয়ে গেছে। আমরা সারারাত খোলা আকাশের নিচে কাটিয়েছি।"

বাগেরহাট সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন জানান, আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো মামলা দায়ের না হলেও জড়িত একজনকে আটক করা হয়েছে এবং অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মানবকণ্ঠ/ডিআর