মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ইরানি ড্রোন থেকে সুরক্ষা নিশ্চিত করতে সৌদি আরবকে বিশেষ কারিগরি ও বিশেষজ্ঞ সহায়তার প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। বুধবার (২৫ মার্চ) সৌদি আরবের উপকূলীয় শহর জেদ্দায় এক অঘোষিত সফরে দেশটির প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের (এমবিএস) সাথে এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এই প্রস্তাব দেন।
এএফপি’র প্রতিবেদন অনুযায়ী, জেদ্দায় পৌঁছালে জেলেনস্কিকে উষ্ণ অভ্যর্থনা জানান সৌদি যুবরাজ। বৈঠকে জেলেনস্কি বলেন, ইরান থেকে নিক্ষিপ্ত ড্রোন থেকে সৌদিকে সুরক্ষা দিতে ইউক্রেন পূর্ণ প্রস্তুত। তিনি উল্লেখ করেন, বর্তমানে মধ্যপ্রাচ্যের ছয়টি দেশসহ পশ্চিম এশিয়ার বিভিন্ন অঞ্চলে দুই শতাধিক ইউক্রেনীয় বিশেষজ্ঞ কাজ করছেন, যারা ইরানি ড্রোন শনাক্ত ও ধ্বংসের ক্ষেত্রে বিশেষ পারদর্শিতা দেখিয়েছেন।
জেলেনস্কি আরও জানান, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনী ব্যাপকভাবে ইরানি ড্রোনের ওপর নির্ভর করায় এসব ড্রোন মোকাবিলায় ইউক্রেন এখন ‘বৈশ্বিক নেতা’ হিসেবে স্বীকৃত। ইউক্রেন এমন কিছু বিশেষ এয়ার ডিফেন্স প্রযুক্তি তৈরি করেছে, যা শুধুমাত্র ইরানি ড্রোন ধ্বংসের ক্ষেত্রে অত্যন্ত কার্যকর ও অব্যর্থ।
সৌদি আরবের এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, দুই নেতার মধ্যকার এই বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। ড্রোন মোকাবিলায় কারিগরি সহযোগিতা এবং একটি দীর্ঘমেয়াদী নিরাপত্তা সহযোগিতা চুক্তি স্বাক্ষরের বিষয়ে উভয় দেশ প্রাথমিকভাবে একমত হয়েছে।
উল্লেখ্য, গত চার বছর ধরে রাশিয়ার সাথে যুদ্ধে লিপ্ত ইউক্রেন ইরানি ড্রোন প্রযুক্তির আদ্যোপান্ত ও এর দুর্বলতাগুলো নিয়ে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছে। এই অভিজ্ঞতাকেই এখন মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর নিরাপত্তায় কাজে লাগাতে চায় কিয়েভ।
মানবকণ্ঠ/ডিআর




Comments