Image description

ভারতের চণ্ডীগড় প্রশাসন তাদের মদ বিক্রির নীতিমালায় এক যুগান্তকারী পরিবর্তনের ঘোষণা দিয়েছে। নতুন আবগারি নীতি অনুযায়ী, এখন থেকে শহরের বড় ডিপার্টমেন্টাল স্টোর এবং পেট্রোল পাম্পগুলোতেও মদ বিক্রির অনুমতি দেওয়া হবে। এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

চণ্ডীগড় প্রশাসনের এই সিদ্ধান্তের মূল লক্ষ্য হলো ক্রেতাদের জন্য মদ কেনা আরও সহজ ও স্বাচ্ছন্দ্যদায়ক করা। বিশেষ করে নারী এবং প্রবীণ নাগরিকরা যারা সাধারণ মদের দোকানে যেতে অস্বস্তিবোধ করেন, তারা এখন থেকে পেট্রোল পাম্প বা শপিং স্টোর থেকে সরাসরি মদ সংগ্রহ করতে পারবেন। চণ্ডীগড়ের ডেপুটি কমিশনার নিশান্ত কুমার যাদব জানান, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে এই প্রক্রিয়াকে আধুনিকায়ন করা হচ্ছে।

পেট্রোল পাম্প বা স্টোরগুলোতে মদ বিক্রির লাইসেন্স পেতে হলে প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। শুধুমাত্র যেসব প্রতিষ্ঠানের বার্ষিক জিএসটি (GST) লেনদেন ৩ কোটি রুপির বেশি, তারাই ‘সেকশন ১০বি’-এর আওতায় এই লাইসেন্সের জন্য আবেদন করতে পারবে। বর্তমানে কোনো পেট্রোল পাম্পে বড় ডিপার্টমেন্টাল স্টোর না থাকলেও ভবিষ্যতে এমন সুযোগ সৃষ্টি হলে তারা লাইসেন্স পাবে।

নতুন নীতিতে মদের দোকানগুলো খোলা রাখার সময়সীমা বাড়িয়ে মধ্যরাত পর্যন্ত করা হয়েছে। এছাড়া লাইসেন্সধারীদের দায়বদ্ধতা নিশ্চিত করতে সম্ভাব্য বার্ষিক আয়ের ১৭ শতাংশ অর্থ আগেভাগেই জমা দেওয়ার নিয়ম করা হয়েছে। প্রশাসন জানিয়েছে, আগামী ১ এপ্রিলের মধ্যে সব দোকান চালুর লক্ষ্য নিয়ে কাজ চলছে। ইতোমধ্যে এই নতুন নীতির ফলে সরকারের রাজস্ব আয় ১৫০ কোটি রুপি বৃদ্ধি পেয়েছে।

প্রশাসনের দাবি, এই আধুনিকীকরণ একদিকে যেমন ক্রেতাদের সুবিধা নিশ্চিত করবে, অন্যদিকে সরকারি নিয়ন্ত্রণ ও আয় বৃদ্ধিতেও বড় ভূমিকা রাখবে।

সূত্র: এনডিটিভি

মানবকণ্ঠ/আরআই