চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গ্রাহকদের তেল না দিয়ে অবৈধভাবে মজুত করার অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকায় ‘মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স’ ফিলিং স্টেশনে এই অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সি।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনা উপেক্ষা করে ওই ফিলিং স্টেশন কর্তৃপক্ষ পাম্পে ‘তেল নেই’ সাইনবোর্ড ঝুলিয়ে দিয়ে সাধারণ গ্রাহকদের ফিরিয়ে দিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেলের মজুত পাওয়া যায়। মজুত পরীক্ষা করে দেখা যায়, পাম্পটিতে ২৩৬৮ লিটার পেট্রোল, ৩৭৬০ লিটার ডিজেল এবং ৩৬৫৫ লিটার অকটেনসহ মোট ৯ হাজার ৭৮৩ লিটার জ্বালানি তেল মজুত ছিল।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করে কৃত্রিম সংকট তৈরির অপরাধে ওই প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি বলেন, "সরকারি নির্দেশনা অনুযায়ী জ্বালানি তেলের নির্বিঘ্ন বিক্রয় নিশ্চিত করতে প্রশাসন কাজ করছে। জনগণের ভোগান্তি সৃষ্টি করে কোনো ধরনের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে ভবিষ্যতে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।"
মানবকণ্ঠ/ডিআর




Comments