নীলফামারীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন পরিবহন শ্রমিককে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়ার প্রতিবাদে রংপুর বিভাগের আট জেলায় অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন। রোববার (২৯ মার্চ) সকাল থেকে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর তেল উত্তোলন ও সরবরাহ কার্যক্রম বন্ধ রেখে এই কর্মসূচি পালন করছেন শ্রমিকরা।
শ্রমিকদের এই আকস্মিক ধর্মঘটে একাত্মতা প্রকাশ করেছে পেট্রল পাম্প মালিক সমিতিও। ফলে রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে, যা জনজীবনে বড় ধরনের প্রভাব ফেলার শঙ্কা তৈরি করেছে।
ঘটনার সূত্রপাত শনিবার রাতে। পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো থেকে জ্বালানি তেল নিয়ে একটি ট্যাংকলরি নীলফামারীর উদ্দেশে রওনা দেয়। পথে নীলফামারীর রেলগেট এলাকায় যান্ত্রিক ত্রুটির কারণে গাড়িটি থামিয়ে চালক ও সহকারী মেরামত করার চেষ্টা করছিলেন। ওই সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নিয়াজ ভূইয়া গাড়িটিতে তল্লাশি চালিয়ে একটি জেরিকেন থেকে ১৩ লিটার পেট্রোল উদ্ধার করেন।
এই ঘটনায় চুরির সন্দেহে চালক ও সহকারীসহ তিনজনকে আটক করে জেলা প্রশাসক কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
শ্রমিক ইউনিয়নের নেতাদের দাবি, যান্ত্রিক ত্রুটির কারণে গাড়ি দাঁড় করিয়ে মেরামত করার সময় অহেতুক সন্দেহ করে শ্রমিকদের ওপর এই কঠোর দণ্ড চাপিয়ে দেওয়া হয়েছে। এই সাজাকে ‘অন্যায় ও উদ্দেশ্যপ্রণোদিত’ অভিহিত করে তারা অবিলম্বে সাজা প্রত্যাহার ও শ্রমিকদের মুক্তির দাবি জানিয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তেল সরবরাহ বন্ধ থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শ্রমিকরা।
মানবকণ্ঠ/আরআই




Comments