Image description

কক্সবাজারের উখিয়া সীমান্তে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। রোববার (২৯ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্তে নাফ নদীর শূন্যরেখায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

আহত কিশোরের নাম আব্দুল হাকিম (১৫)। সে উখিয়ার ১৯ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের এ-ব্লকের বাসিন্দা মোহাম্মদ ইব্রাহীমের ছেলে।

বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম স্থানীয়দের বরাতে জানান, আব্দুল হাকিম নাফ নদী থেকে মাছ ধরে তীরে ওঠার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে কিশোরের ডান পায়ের গোড়ালি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের বিভিন্ন অংশে মারাত্মক জখম হয়।

ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে উখিয়ার কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে ভর্তি করে। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত কক্সবাজার জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবারও একই উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া সীমান্তে নাফ নদীর শূন্যরেখায় স্থলমাইন বিস্ফোরণে মোহাম্মদ শহীদুল ইসলাম (২৫) নামে এক রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন হয়।

মানবকণ্ঠ/ডিআর