আইনিভাবে পূর্বের বিবাহবিচ্ছেদ সম্পন্ন না করেই নতুন করে বিয়ে করার অভিযোগে দায়ের করা মামলায় নিজেদের নিরপরাধ দাবি করেছেন ক্রিকেটার নাসির হোসেনের স্ত্রী তামিমা সুলতানা তাম্মি। সোমবার (৩০ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির হয়ে তিনি সাফাই সাক্ষ্য প্রদান করেন এবং আদালতের কাছে ন্যায়বিচার প্রার্থনা করেন।
সাক্ষ্য প্রদানকালে তামিমা দাবি করেন, তিনি যথাযথ নিয়ম মেনেই তার আগের স্বামীকে তালাক দিয়েছেন এবং এরপর নাসিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। কোনো আইনি জটিলতা বা লুকোচুরি করা হয়নি বলে তিনি আদালতে সাফাই দেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় জাঁকজমকপূর্ণ আয়োজনে ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা সুলতানার বিয়ে সম্পন্ন হয়। তবে বিয়ের কয়েক দিন পরেই অভিযোগ ওঠে, তামিমা তার আগের স্বামী রাকিব হাসানকে তালাক না দিয়েই নাসিরকে বিয়ে করেছেন। এই ঘটনায় ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি রাকিব হাসান বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন।
পরবর্তীতে মামলাটি তদন্তের দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর পিবিআই আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়, যেখানে নাসির ও তামিমাকে অভিযুক্ত করা হয়। এর প্রেক্ষিতে ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি আদালত তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন।
আইনজীবীরা জানিয়েছেন, দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় এই মামলায় যদি নাসির ও তামিমার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়, তবে তাদের ৫ থেকে ৭ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। বর্তমানে মামলাটি সাক্ষ্য গ্রহণ ও বিচারিক প্রক্রিয়ার শেষ পর্যায়ে রয়েছে। আদালত উভয় পক্ষের বক্তব্য ও তথ্যপ্রমাণ যাচাই করে দ্রুতই রায় ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে।
মানবকণ্ঠ/আরআই




Comments