Image description

নারায়ণগঞ্জের রূপগঞ্জের কৃতী সন্তান এবং অস্ট্রেলিয়ার লোগান হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. গোলাম সারোয়ারকে এক জমকালো সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) রূপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ‘রূপগঞ্জের সর্বস্তরের জনগণ’-এর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনার পাশাপাশি দিনব্যাপী বীর মুক্তিযোদ্ধা পরিবার ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও পরামর্শ প্রদান করা হয়।

ডা. গোলাম সারোয়ার বর্তমানে অস্ট্রেলিয়ার লোগান হাসপাতালের জেরিয়াট্রিক ইমারজেন্সি মেডিসিন ইউনিটের ক্লিনিক্যাল লিড হিসেবে কর্মরত। সম্প্রতি তিনি ‘অস্ট্রেলিয়ান কলেজ ফর ইমারজেন্সি মেডিসিন’ থেকে সম্মানজনক ফেলোশিপ অর্জন করেছেন। বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি দেশের জরুরি চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে বিশেষ অবদান রাখায় তাকে এই নাগরিক সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ডা. গোলাম সারোয়ার তার মেধা ও শ্রম দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন। নিজ এলাকার অসহায় মানুষ, মুক্তিযোদ্ধা পরিবার এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের কল্যাণে তার এই সেবামূলক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তার মতো মেধাবীরা দেশের সম্পদ এবং তরুণ চিকিৎসকদের জন্য অনুপ্রেরণা।

দিনব্যাপী আয়োজিত এই বিশেষ মেডিকেল ক্যাম্পে কয়েক শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সংবর্ধনা শেষে ডা. গোলাম সারোয়ার তার জন্মভূমির মানুষের পাশে দাঁড়াতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে জনকল্যাণমূলক কাজ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

মানবকণ্ঠ/আরআই