আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা
সাংবাদিকদের পেশাগত ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি একটি যুগোপযোগী ‘মুক্ত গণমাধ্যম নীতিমালা’র দাবি জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ। তারা বলেছেন, স্বাধীনতার দীর্ঘ সময় পার হলেও সাংবাদিকরা আজও পুরোপুরি স্বাধীন হতে পারেননি। চাকরি জীবনের অনিশ্চয়তা, অর্থনৈতিক দৈন্যদশা এবং ওয়েজবোর্ড অনুযায়ী বেতন না পাওয়াসহ নানা বৈষম্যের শিকার হচ্ছেন সংবাদকর্মীরা।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সোমবার (৩০ মার্চ) বিকেলে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)-এর কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন।
সভায় বক্তারা অভিযোগ করেন, অনেক সংবাদকর্মী পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। সাংবাদিকদের পাশাপাশি তাদের পরিবারগুলোও আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। জীবনের ঝুঁকি নিয়ে দিনরাত কাজ করার পরও নূন্যতম সামাজিক ও আর্থিক মর্যাদা না পাওয়ায় সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভ বিরাজ করছে। এই অস্থিতিশীল পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে রাষ্ট্রের কার্যকর পদক্ষেপ জরুরি বলে তারা মন্তব্য করেন।
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা: আবদুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন আরইউজের সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আরইউজের সাবেক সভাপতি ও ‘রাজশাহী সংবাদ’-এর প্রধান সম্পাদক বিশিষ্ট কথাশিল্পী ডা. নাজিব ওয়াদুদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএফইউজের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন। এছাড়াও আরও বক্তব্য রাখেন আরইউজের সহ-সভাপতি মঈন উদ্দিন, যুগ্ম সম্পাদক ওমর ফারুক, কোষাধ্যক্ষ হাবিলউদ্দিন হাবিব, প্রচার ও প্রকাশনা সম্পাদক আশিকুর রহমান এবং নির্বাহী সদস্য সোহেল মাহবুব।
সভায় রাজশাহীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
মানবকণ্ঠ/আরআই




Comments