Image description

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ৭ জুন থেকে শুরু হতে যাচ্ছে। সোমবার (৩০ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে আয়োজিত এক সভা শেষে এই তারিখ নিশ্চিত করা হয়েছে।

সভায় শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে জুনের প্রথমার্ধেই পরীক্ষা শুরু করার পরিকল্পনা পেশ করা হয়, যা মন্ত্রণালয় কর্তৃক গৃহীত হয়েছে। এবারের পরীক্ষার একটি উল্লেখযোগ্য পরিবর্তন হচ্ছে—দেশের সকল শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত ও আলোচনা হয়েছে। এর ফলে সারা দেশের পরীক্ষার্থীরা একই মানের প্রশ্নে মূল্যায়িত হওয়ার সুযোগ পাবেন।

এদিকে, আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। এই পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) কেন্দ্রসচিবসহ মাঠ পর্যায়ের সংশ্লিষ্টদের জন্য ১১ দফা বিশেষ নির্দেশনা জারি করেছে।

মাউশি কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, পরীক্ষা পরিচালনায় কোনো প্রকার অবহেলা বা গাফিলতির কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে সংশ্লিষ্ট কেন্দ্রসচিবসহ দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক—উভয় পরীক্ষাই সূচারুভাবে সম্পন্ন করতে শিক্ষা প্রশাসন সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছে।

মানবকণ্ঠ/আরআই