Image description

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয়ে ঢুকে এক উপ-সহকারী প্রকৌশলীকে গালাগালি ও অফিসের সরঞ্জাম ভাঙচুর করার অভিযোগ উঠেছে সাজ্জাদ হোসেন হৃদয় নামের এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। 

অভিযুক্ত সাজ্জাদ হোসেন হৃদয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদলের বর্তমান সাংগঠনিক সম্পাদক এবং সর্বশেষ চাকসু নির্বাচনে ভিপি পদপ্রার্থী ছিলেন।

সোমবার (৩০ মার্চ) বিকেলে ফটিকছড়ি উপজেলা এলজিইডি কার্যালয়ে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার বিকেলে সাজ্জাদ হোসেন হৃদয় উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী আতা উল্লাহর কক্ষে গিয়ে হিসাব রক্ষক শয়ন বড়ুয়ার ফোন নম্বর চান। নম্বরটি দিতে কিছুটা দেরি হওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠেন সাজ্জাদ। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সাজ্জাদ হোসেন হৃদয় উত্তেজিত হয়ে কার্যালয়ে থাকা একটি প্রিন্টার ভাঙচুর করেন এবং উপ-সহকারী প্রকৌশলীকে অকথ্য ভাষায় গালাগালি করেন।

ঘটনার আকস্মিকতায় অফিসে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। পরে অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে ফটিকছড়ি উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরী বলেন, "ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়কে জানানো হয়েছে। তিনি মঙ্গলবার বিকেলে উভয় পক্ষকে ডেকেছেন। 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন হৃদয় ভাঙচুরের বিষয়টি অস্বীকার করে বলেন, "আমার এলাকার এক কর্মকর্তার ফোন নম্বর চাইলে উপ-সহকারী প্রকৌশলী আতা উল্লাহ আমার সাথে অপেশাদার ও খারাপ আচরণ করেন। এ নিয়ে আমাদের মধ্যে কেবল কথা-কাটাকাটি হয়েছে। পরে পরিস্থিতি শান্ত হয়ে যায়। প্রিন্টার ভাঙচুরের যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।"

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, "এলজিইডি অফিসে একটি অপ্রীতিকর ঘটনার কথা আমি শুনেছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"