Image description

গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন কুদাব মীরের বাজার এলাকায় অবস্থিত মেসার্স তুরাগ ফিলিং স্টেশনে অতিরিক্ত জ্বালানি তেল মজুদ রাখার অভিযোগে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ভবিষ্যৎ তদারকির জন্য একজন ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (১ এপ্রিল) দুপুর ১টা ৫০ মিনিটে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর মহানগরের ডেপুটি কমিশনারের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিয়া তাসনিম।

অভিযানে ফিলিং স্টেশনের একটি ট্যাংকে অতিরিক্ত ৮৫১ লিটার জ্বালানি তেল মজুদ পাওয়া যায়।

এ বিষয়ে গাজীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ব্যবসা ও বাণিজ্য শাখা, পর্যটন সেল) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিয়া তাসনিম জানান, অভিযানের সময় স্টেশনের সবগুলো জ্বালানি ট্যাংক পরীক্ষা করা হয়। এর মধ্যে একটি ট্যাংকে নির্ধারিত পরিমাণের বাইরে ৮৫১ লিটার তেল পাওয়া যায়। এ বিষয়ে কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চাওয়া হলে তারা সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হয় এবং অতিরিক্ত মজুদের পক্ষে কোনো যৌক্তিক কারণ দেখাতে পারেনি। ফলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে স্টেশনটির সংশ্লিষ্ট দুইজনকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, ভবিষ্যতে এ ধরনের অনিয়ম প্রতিরোধে গাজীপুর সিটি করপোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের সচিবকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি সরকারি নির্দেশনা অনুযায়ী ফিলিং স্টেশনটির কার্যক্রম নিয়মিত তদারকি করবেন।