গাজীপুর জেলা পরিষদে প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ইশরাক সিদ্দিকী
গাজীপুর জেলা পরিষদে প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন নবাগত প্রশাসক ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী।
বুধবার সকালে গাজীপুর শহরের রাজবাড়ী এলাকায় অবস্থিত জেলা পরিষদের কার্যালয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণকালে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম নবাগত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান। এসময় জেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে জেলা পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীরা নবাগত প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
দায়িত্ব গ্রহণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী বলেন, গাজীপুর জেলা পরিষদের চলমান উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করা হবে। জেলার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, জেলা পরিষদ জনগণের কল্যাণে কাজ করে। তাই জনপ্রতিনিধি, প্রশাসন ও স্থানীয় জনগণের সমন্বয়ে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেয়া হবে। জেলার প্রতিটি উপজেলার চাহিদা অনুযায়ী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে এবং দীর্ঘদিনের অসমাপ্ত প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেয়া হবে।
এসময় উপস্থিত দলীয় নেতা-কর্মীরা নবাগত প্রশাসকের প্রতি শুভকামনা জানিয়ে জেলার সার্বিক উন্নয়নে তার সফলতা কামনা করেন। দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে গাজীপুর জেলা পরিষদের কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।




Comments