Image description

ইরানে পরিচালিত সামরিক অভিযান প্রায় শেষ পর্যায়ে এবং যুক্তরাষ্ট্র তার কৌশলগত লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (বাংলাদেশ সময়) সকালে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এই ঘোষণা দেন।

ট্রাম্প বলেন, ইরানে চলমান এই অভিযান পুরোপুরি শেষ করতে বড়জোর দুই থেকে তিন সপ্তাহ সময় লাগতে পারে। গত চার সপ্তাহে মার্কিন সশস্ত্র বাহিনীর কর্মকাণ্ডের প্রশংসা করে তিনি বলেন, "আমাদের বাহিনী যুদ্ধক্ষেত্রে অত্যন্ত দ্রুত এবং অপ্রতিরোধ্য জয় এনে দিয়েছে, যা এক নজিরবিহীন সাফল্য।"

ভাষণে ট্রাম্প আবারও দাবি করেন যে, ইরান পারমাণবিক বোমা তৈরির দ্বারপ্রান্তে ছিল। যদিও তার এই দাবির পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ তিনি দেননি। তিনি বলেন, "২০১৫ সাল থেকেই আমি বলে আসছি, ইরানকে কখনো পারমাণবিক বোমার অধিকারী হতে দেওয়া হবে না। তারা সবসময় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অনিষ্ট কামনা করে।"

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে করা ২০১৫ সালের পরমাণু চুক্তির সমালোচনা করে ট্রাম্প বলেন, ওই চুক্তি থেকে ২০১৮ সালে সরে আসার সিদ্ধান্তটি সঠিক ছিল। তার মতে, যুক্তরাষ্ট্র চুক্তি থেকে বের হয়ে না এলে আজ ইসরায়েলের অস্তিত্ব হুমকির মুখে পড়ত।

উল্লেখ্য, ওই চুক্তির আওতায় ইরান তাদের ইউরেনিয়াম মজুত কমিয়ে আনতে রাজি হয়েছিল এবং বিনিময়ে তাদের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল। তবে ট্রাম্প প্রশাসন শুরু থেকেই এই চুক্তির বিরোধিতা করে আসছিল।

সূত্র: দ্য গার্ডিয়ান

মানবকণ্ঠ/আরআই