Image description

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেল স্টেশনের কাছে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ১৩ ঘণ্টা পেরিয়ে গেলেও সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়নি। বুধবার (১ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে সিলেটগামী ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়লে ৫টি ওয়াগন ও ১টি গার্ডব্রেক লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে। এতে বন্ধ হয়ে যায় গুরুত্বপূর্ণ এই রেল রুট।

দুর্ঘটনার পর থেকেই উদ্ধারকারী রিলিফ ট্রেন ও রেলওয়ের প্রকৌশলী দল ঘটনাস্থলে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। তবে ভারী যন্ত্রপাতি ও ক্রেনের সাহায্যে লাইনচ্যুত বগিগুলো সরাতে দীর্ঘ সময় লাগছে। এর ফলে সিলেট থেকে ঢাকাগামী ‘উপবন এক্সপ্রেস’ ও ‘কালনী এক্সপ্রেস’ এবং চট্টগ্রামগামী ‘উদয়ন এক্সপ্রেস’-এর যাত্রা বাতিল করতে হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর ওয়াগনগুলো থেকে বিপুল পরিমাণ তেল আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় কিছু মানুষ তেল সংগ্রহের চেষ্টা চালালেও পরবর্তীতে বিজিবি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সংগৃহীত তেল জব্দ করেন। বর্তমানে ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

মনতলা রেলওয়ে স্টেশনের মাস্টার আতাউর রহমান গনি জানান, রেলওয়ের বিশেষজ্ঞ দল লাইন সচল করতে নিরলসভাবে কাজ করছে। বিকেলের মধ্যে অন্তত একটি লাইন চালুর সম্ভাবনা রয়েছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রেললাইন বা নিকটবর্তী কোনো সেতুর দুর্বলতার কারণে এই বিপর্যয় ঘটে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখতে তদন্তের দাবি উঠেছে।

মানবকণ্ঠ/আরআই