হামের সংক্রমণ বৃদ্ধি
স্বাস্থ্য অধিদপ্তরের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল
দেশে শিশুদের মধ্যে হামের সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় পরিস্থিতি মোকাবিলায় জরুরি ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করতে এবং টিকাদান কার্যক্রম জোরদার করতে সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের সব চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়। অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত এই আদেশে বলা হয়েছে, আপদকালীন পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং হামের টিকাদান কার্যক্রম সফল করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আদেশ অনুযায়ী, স্বাস্থ্য অধিদপ্তর এবং এর অধীনস্থ সকল প্রতিষ্ঠানে কর্মরতদের অর্জিত ছুটি ও নৈমিত্তিক ছুটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। অর্থাৎ জরুরি দায়িত্ব পালনের স্বার্থে আপাতত কেউ কোনো ধরনের ছুটি নিতে পারবেন না এবং সবাইকে কর্মস্থলে উপস্থিত থাকতে হবে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে হামের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ইতোমধ্যে জরুরি টিকাদান কর্মসূচি জোরদার করার উদ্যোগ নিয়েছে। এই পরিস্থিতিতে হাসপাতালগুলোতে পর্যাপ্ত চিকিৎসাসেবা অব্যাহত রাখা এবং টিকাদান কার্যক্রমকে আরও গতিশীল করতে স্বাস্থ্যকর্মীদের কর্মস্থলে উপস্থিতি অপরিহার্য।
ইতিমধ্যে এই আদেশটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ বিভাগীয় ও জেলা পর্যায়ের সকল স্বাস্থ্য কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments