চৈত্রের শুরুতে স্বস্তিদায়ক আবহাওয়া থাকলেও, এপ্রিলে দেশজুড়ে তীব্র দাবদাহ বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় তাপমাত্রা বেড়ে ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। পাশাপাশি রয়েছে শক্তিশালী ঘূর্ণিঝড় ও কালবৈশাখীর শঙ্কাও।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বিদায়ী মার্চ মাসে স্বাভাবিকের চেয়ে ৩১ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। চৈত্রের প্রথম দুই সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে মাঝারি কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হওয়ায় আবহাওয়া বেশ আরামদায়ক ছিল। তখন সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ০.৪ ডিগ্রি সেলসিয়াস কম রেকর্ড করা হয়।
তবে ১৫ চৈত্রের পর থেকেই আবহাওয়ার চিত্র বদলাতে শুরু করেছে। রোদের প্রখরতা বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে গরমের তীব্রতা বাড়ছে। আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস বলছে, আসছে চৈত্র-বৈশাখে গরমের মাত্রা আরও বাড়বে।
পূর্বাভাস অনুযায়ী, চলতি এপ্রিল মাসে দেশে ২ থেকে ৪টি মৃদু তাপপ্রবাহ (৩৬-৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যেতে পারে। এছাড়া ১ থেকে ২টি তীব্র তাপপ্রবাহের কারণে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যাওয়ার আশঙ্কা রয়েছে।
কেবল তাপপ্রবাহই নয়, গরমের তীব্রতার কারণে বঙ্গোপসাগরে এক বা একাধিক লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপে ঘনীভূত হয়ে উপকূলীয় এলাকায় শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অফিস। এর পাশাপাশি এই মাসে দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী, শিলাবৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments