Image description

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জেতায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত ফাইনালে ভারতের যুবাদের মুখোমুখি হয় বাংলাদেশ। রুদ্ধশ্বাস এই ম্যাচে টাইব্রেকারে ভারতকে ৪-৩ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে লাল-সবুজের প্রতিনিধিরা।

ঐতিহাসিক এই জয়ের পর এক অভিনন্দন বার্তায় রোনান সুলিভানসহ পুরো দলের প্রশংসায় পঞ্চমুখ হন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, "এই অসামান্য সাফল্য পুরো জাতির জন্য অত্যন্ত গর্বের।" প্রধানমন্ত্রী আরও আশা প্রকাশ করেন, যুব ফুটবলারদের এই দুর্দান্ত অর্জন ভবিষ্যতে দেশের ফুটবলে এক গভীর ও ইতিবাচক প্রভাব ফেলবে। এর মাধ্যমে আন্তর্জাতিক ক্রীড়া অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় ও সম্মানজনক হবে বলেও তিনি বিশ্বাস করেন।

এদিকে, বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের এই ঐতিহাসিক শিরোপা জয়ে প্রধানমন্ত্রী ছাড়াও আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

মানবকণ্ঠ/আরআই