কুমিল্লা সদর উপজেলার ঘোড়ামারায় যত্মের মায়া মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
এ ঘটনায় মাদকাসক্তি কেন্দ্রের চেয়ারম্যান ও কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিবি'র সূত্রে জানা যায়, ৩ এপ্রিল(শুক্রবার) ভোর আনুমানিক ৬টার দিকে গোপন তথ্য পেয়ে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল কোতোয়ালি থানাধীন ঘোড়ামারা কৃষ্ণনগর এলাকায় অবস্থিত ‘যত্নের মায়া মাদকাসক্ত নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রে বিশেষ অভিযান পরিচালনা করে।
ডিবির অভিযান চলাকালীন মাদকাসক্তির কেন্দ্রটির ভবনের ছাদে থাকা একটি ইলেকট্রিক বক্সের ভেতর অত্যন্ত সুকৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ১টি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন এবং আট রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ওই কেন্দ্রের চেয়ারম্যান শরিফুল ইসলাম ভূঁইয়া ওরফে সানি (৪২) এবং কর্মচারী আশরাফুল ইসলাম আকাশ (৩২)-কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া মো. শরিফুল ইসলাম ভূঁইয়া ওরফে সানি-এর পিতা মৃত গোলাম মোস্তফা ভূঁইয়া। তার বাড়ি পূর্ব রেইসকোর্স, ৩ নম্বর ওয়ার্ড, কুমিল্লা সিটি করপোরেশন এলাকায়।
আটককৃত অন্য আসামী আশরাফুল ইসলাম আকাশ-এর পিতা মৃত.হিরন মিয়া। তার বাড়ি দক্ষিণ চর্থা, ১৩ নম্বর ওয়ার্ড, কুমিল্লা সিটি করপোরেশন এলাকায়।
ডিবি পুলিশের দাবি, জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান, পিপিএম-এর দিকনির্দেশনা এবং অপরাধ দমনে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।




Comments