জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব তফসিলি ব্যাংকের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। সরকারের সংশোধিত অফিস সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে। নতুন এই নির্দেশনা অনুযায়ী, আগামীকাল রোববার (৫ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব ব্যাংক নতুন সময়সূচি মেনে চলবে।
নতুন নিয়ম অনুযায়ী, রোববার থেকে বৃহস্পতিবার ব্যাংকিং লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। তবে দাপ্তরিক কার্যক্রম সম্পাদনের জন্য ব্যাংক খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকবে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় আরও বলা হয়েছে, সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা ও উপশাখাগুলো আগের মতোই বিশেষ ব্যবস্থায় সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে। এ ক্ষেত্রে ২০১৯ সালের ৫ আগস্ট জারি করা ‘ডিওএস সার্কুলার লেটার নং-২৪’-এর নির্দেশনা বলবৎ থাকবে।
এর আগে গত ২ এপ্রিল সরকার সরকারি ও বেসরকারি অফিসের জন্য নতুন সময়সূচি ঘোষণা করে, যা আগামীকাল রোববার থেকে কার্যকর হচ্ছে। সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় দেশের ব্যাংক খাতের সময়সূচিতেও এই পরিবর্তন আনল কেন্দ্রীয় ব্যাংক।
মানবকণ্ঠ/ডিআর




Comments