Image description

ভারত ভবিষ্যতে কোনো ‘দুঃসাহসিক পদক্ষেপ’ নিলে তার জবাবে সরাসরি কলকাতায় হামলা চালানোর হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সাম্প্রতিক কড়া হুঁশিয়ারির পাল্টা জবাবে তিনি এই বিতর্কিত মন্তব্য করেন।

সম্প্রতি রাজনাথ সিং ইসলামাবাদকে সতর্ক করে বলেছিলেন, কোনো ‘সন্ত্রাসী হামলা’র পুনরাবৃত্তি হলে পাকিস্তানের বিরুদ্ধে নজিরবিহীন ও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এর জবাবে খাজা আসিফ বলেন, ‘ভারত যদি কোনো ফলস ফ্ল্যাগ (সাজানো) অভিযান চালানোর চেষ্টা করে, তবে আমরা সেই লড়াইকে কলকাতা পর্যন্ত নিয়ে যাব।’ তিনি আরও দাবি করেন, ভারত নিজেদের লোক বা আটক পাকিস্তানিদের ব্যবহার করে সাজানো হামলার নাটক তৈরি করে পাকিস্তানের ওপর দায় চাপাতে পারে।

দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যুদ্ধের ভয়াবহতার কথা স্মরণ করিয়ে দিয়ে খাজা আসিফ বলেন, ‘যুদ্ধের ধারণা অবাস্তব হলেও পাকিস্তান নিজের সার্বভৌমত্ব রক্ষায় পুরোপুরি প্রস্তুত। যেকোনো উসকানিমূলক পদক্ষেপের জবাব হবে দ্রুত, পরিকল্পিত ও দৃঢ়।’

এর আগে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কেরালায় এক অনুষ্ঠানে পাকিস্তানকে কড়া বার্তা দিয়ে বলেন, ‘২০২৫ সালের পাহেলগাম হামলার পর ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের ভেতরে একাধিক সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করেছে। অপারেশন সিনদুরের মাধ্যমে মাত্র ২২ মিনিটে পাকিস্তানকে কোণঠাসা করা হয়েছিল।’ তিনি আরও হুঁশিয়ারি দেন যে, পাকিস্তান যদি আবারও কোনো ‘নোংরা কাজ’ করে, তবে ভারতীয় সশস্ত্র বাহিনী এমন এক নজিরবিহীন জবাব দেবে যা তারা কখনো ভুলবে না।

ভারতের দাবি অনুযায়ী, ‘অপারেশন সিনদুরে’ অন্তত নয়টি সন্ত্রাসী শিবির এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস করা হয়েছিল। পরবর্তীতে ১০ মে আন্তর্জাতিক চাপের মুখে উভয় দেশ যুদ্ধবিরতির পথে হাঁটলেও পাহেলগাম হামলার বর্ষপূর্তিকে কেন্দ্র করে দুই প্রতিবেশী দেশের মধ্যে নতুন করে এই বাগযুদ্ধ দক্ষিণ এশিয়ায় চরম উত্তেজনা সৃষ্টি করেছে।

মানবকণ্ঠ/আরআই