দেশে কেউ যেন কারচুপি বা অনিয়মের মাধ্যমে ভোটগ্রহণের চিন্তা না করে—এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু ফজল মো. সানাউল্লাহ। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কমিশন কঠোর অবস্থানে থাকবে এবং কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।
রোববার (৫ এপ্রিল) সকালে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচন উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট সেলের সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশনার বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ এবং সংঘাত-রক্তপাতহীনভাবে সম্পন্ন হয়েছে। উপ-নির্বাচন হলেও এটিকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। জাতীয় নির্বাচনের মতোই এই নির্বাচনকেও কমিশন সমান গুরুত্ব দিচ্ছে।” দায়িত্ব পালনে কোনো কর্মকর্তা অবহেলা করলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
তিনি আরও বলেন, অতীতে কিছু প্রিজাইডিং কর্মকর্তার অসতর্কতার কারণে নির্বাচন বিতর্কিত হয়েছিল, যা অত্যন্ত দুঃখজনক। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।
নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে ইসি সানাউল্লাহ জানান, প্রতিটি ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদারে অস্ত্রসহ পাঁচজন পুলিশ সদস্য মোতায়েন থাকবে। তবে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পুলিশের সংখ্যা বাড়িয়ে ছয়জন করা হবে। এর পাশাপাশি প্রতিটি কেন্দ্রে অস্ত্রসহ তিনজন এবং অস্ত্রবিহীন আরও ১০ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।
বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
মানবকণ্ঠ/ডিআর




Comments