ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত, বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ
ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাতের জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও আকাশচুম্বী হয়েছে। সোমবার সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধির খবর দিয়েছে বিবিসি।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ সকালে লেনদেনের শুরুতেই যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড অয়েলের দাম ১ দশমিক ৮৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১১৩ দশমিক ৬২ ডলারে পৌঁছেছে। পিছিয়ে নেই নর্থ সি ব্রেন্ট ক্রুডও; এর দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ১৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১০ দশমিক ৩০ ডলারে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েল-আমেরিকা জোটের মধ্যে শুরু হওয়া এই সংঘাত এখন ষষ্ঠ সপ্তাহে প্রবেশ করেছে। মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়া এই যুদ্ধের প্রভাব সরাসরি আঘাত হানছে বৈশ্বিক অর্থনীতিতে। পাল্টা হামলা হিসেবে ইরান ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করছে। উত্তেজনার এক পর্যায়ে ইরান গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ কার্যত বন্ধ করে দিয়েছে। উল্লেখ্য, বিশ্বের মোট তেল ও গ্যাসের প্রায় ২০ শতাংশ এই পথ দিয়েই পরিবাহিত হয়, যা বন্ধ হওয়ায় সরবরাহ সংকটে পড়েছে বিশ্ব।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে যুদ্ধ বন্ধ করে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য মঙ্গলবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন। এই চরম উত্তেজনার মধ্যেই বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ায় তেলের বাজারে এমন অস্থিরতা দেখা দিয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments