Image description

পটুয়াখালীর কলাপাড়ায় ধানখালী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদের অপসারণের দাবিতে তাঁর কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন সহকর্মীরা। সোমবার (৬ এপ্রিল) বেলা ১১টার দিকে কলেজের বিক্ষুব্ধ শিক্ষকরা একজোট হয়ে এই কর্মসূচি পালন করেন।

আন্দোলনরত শিক্ষকদের অভিযোগ, জ্যেষ্ঠতা লঙ্ঘন করে এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে মো. আবুল কালাম আজাদ অধ্যক্ষের পদ দখল করেছেন। কলেজের ব্যবসা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. আনোয়ার হোসেন বলেন, “বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ সরকারি পরিপত্র উপেক্ষা করে ক্ষমতার দাপট দেখিয়ে ২০২৫ সালের ৩০ জুন দায়িত্ব গ্রহণ করেছেন, যা সম্পূর্ণ অনভিপ্রেত ও বিধি বহির্ভূত।”

বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. মাসুম বিল্লাহ্ দাবি করেন, “জ্যেষ্ঠতার তালিকায় আবুল কালাম আজাদ সপ্তম স্থানে রয়েছেন। অথচ তিনি জোরপূর্বক ও চাপ সৃষ্টি করে এই দায়িত্ব নিয়েছেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষ হওয়ার পর তিনি কলেজের অর্থ পরিচালনায় নানা অনিয়ম করেছেন।”

অভিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ অভিযোগ অস্বীকার করে বলেন, “শিক্ষকরা অন্যায়ভাবে আমাকে কক্ষ থেকে বের করে দিয়েছেন।” জ্যেষ্ঠতা লঙ্ঘনের প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, “অন্য শিক্ষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তাঁদের কোনো দাবি নেই মর্মে লিখিত দিয়েছিলেন। পরবর্তীতে কলেজ পরিচালনা পর্ষদ বিধি অনুযায়ী আমাকে দায়িত্ব বুঝিয়ে দেয়।”

এদিকে, অধ্যক্ষের কক্ষে তালা দেওয়া এবং পদ নিয়ে শিক্ষকদের এই অভ্যন্তরীণ কোন্দলকে ভালো চোখে দেখছেন না সাধারণ শিক্ষার্থীরা। নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষার্থী জানায়, শিক্ষকদের এমন দ্বন্দ্বে কলেজের শিক্ষার পরিবেশ চরমভাবে ব্যাহত হচ্ছে। দ্রুত এই সংকট নিরসনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

মানবকণ্ঠ/ডিআর