Image description

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ক্রেতা সেজে অভিযান চালিয়ে অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ধরেছেন সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের খাসনগর সেতু মার্কেটে এই অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম জাকির হোসেন (৫৫), তিনি খাসনগর গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে ওই এলাকায় পেট্রোল ও অকটেন বিক্রি হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে ওসি আব্দুল হান্নান নিজে ক্রেতা সেজে ওই মার্কেটে যান। সেখানে গিয়ে তিনি দেখেন, প্রতি লিটার অকটেন ২৫০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। ওসি নিজে তেল কিনতে চাইলে তাঁর কাছেও একই দাম চাওয়া হয়। অভিযোগের সত্যতা পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে ওই ব্যবসায়ীকে আটক করেন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বারিকে বিষয়টি অবহিত করেন।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় ব্যবসায়ী জাকির হোসেনকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানকালে সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানকে নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রির বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়।

এ ব্যাপারে সিরাজদিখান থানার ওসি মো. আব্দুল হান্নান বলেন, "খাসনগর বাজারে এক ব্যবসায়ী ২৫০ টাকা লিটার দরে অকটেন বিক্রি করছিলেন। আমি নিজে সাধারণ ক্রেতা সেজে তাঁর কাছে গেলে তিনি আমার কাছেও ২৫০ টাকা দাবি করেন। পরে এসিল্যান্ড মহোদয়কে অবহিত করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে জরিমানা করা হয়।"

নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বারি জানান, জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও মজুতের বিরুদ্ধে প্রশাসনের এই তদারকি এবং কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

মানবকণ্ঠ/ডিআর