Image description

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় লালবাগ থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় শুনানির জন্য জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আদালতে হাজির করা হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ১টা ৫৬ মিনিটের দিকে কড়া নিরাপত্তায় একটি সাদা মাইক্রোবাসে করে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আনা হয়।

আদালত সূত্রে জানা গেছে, শিরীন শারমিন চৌধুরীকে বর্তমানে আদালতের হাজতখানায় রাখা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই সংশ্লিষ্ট আদালতে তার মামলার শুনানি শুরু হওয়ার কথা রয়েছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানিয়েছে, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ড. শিরীন শারমিন চৌধুরী দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। সর্বশেষ তিনি রাজধানীর ধানমন্ডিতে এক আত্মীয়ের বাসায় অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে সেখান থেকেই তাকে আটক করা হয়।

ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, সাবেক স্পিকারের বিরুদ্ধে গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যা ও হত্যাচেষ্টাসহ অন্তত ৬টি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ৩টি মামলায় ইতোমধ্যে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে এবং বাকি ৩টি মামলা বর্তমানে তদন্তাধীন রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের ২৭ দিনের মাথায় ২ সেপ্টেম্বর স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন শিরীন শারমিন চৌধুরী। ২০১৩ সালের ৩০ এপ্রিল তিনি দেশের প্রথম নারী স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং টানা তিন মেয়াদে এই পদে আসীন ছিলেন। গণ-অভ্যুত্থানের পর সেনানিবাসে আশ্রয় গ্রহণকারীদের তালিকায়ও তার নাম ছিল বলে আইএসপিআর সূত্রে জানা গেছে।

এর আগে ১৫ আগস্ট জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুসহ আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতাকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

মানবকণ্ঠ/ডিআর