লন্ডনে গিয়ে ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ এনেছেন ড. ইউনূস: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের ‘ক্যাপ্টেন’ ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে আলোচনার মাধ্যমেই নির্বাচনের তারিখ নিয়ে এসেছিলেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বগুড়া-২ আসনের এই সংসদ সদস্য এসব কথা বলেন।
মীর শাহে আলম বলেন, ‘জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্র-জনতার সঙ্গে আমরা সবাই ছিলাম। অনেকে বলেন আমরা নাকি ট্রফি নিয়ে বসে আছি। আমি বলতে চাই—আমরা কারো কাছে ট্রফি আনতে যাইনি। আমাদের ক্যাপ্টেন তারেক রহমানের কাছে লন্ডনে গিয়ে ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে এসেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এতেই প্রমাণিত হয়, এই আন্দোলনের নেতৃত্বে মূল ভূমিকা কোন দলের ও কোন নেতার ছিল।’
তিনি আরও বলেন, ‘ক্যাপ্টেন একজনই থাকে। সেই ক্যাপ্টেনের সঙ্গে আলোচনা করে নির্বাচনের তারিখ নিয়ে এসেছেন বলেই এ দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে। সেই নির্বাচনের মধ্য দিয়েই আমরা আজ একটি ঐতিহাসিক সংসদে উপস্থিত হতে পেরেছি।’
রাষ্ট্রপতির ভাষণের প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতিকে নির্বাচিত করেছিল আওয়ামী লীগ। অথচ আজ সেই রাষ্ট্রপতির মুখ দিয়েই এই সংসদে বলানো হয়েছে—মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই রাষ্ট্রপতিই আওয়ামী লীগকে ফ্যাসিস্ট, স্বৈরাচার ও ভোট চোর বলেছেন। এটি বিএনপি ও সংসদ নেতা তারেক রহমানের অনেক বড় কৃতিত্ব।’
সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচি তুলে ধরে মীর শাহে আলম বলেন, ‘বিএনপির ঘোষিত কর্মসূচি অনুযায়ী ইতিমধ্যে ‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধন করা হয়েছে, যা নারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এছাড়া ‘কৃষক কার্ড’ নিয়ে কৃষকদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ টাঙ্গাইল সদর থেকে আনুষ্ঠানিকভাবে এই কার্ড বিতরণ শুরু হবে।’
মানবকণ্ঠ/ডিআর




Comments