নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিপ্লব শেখ (২৭) নামে এক পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন থাকায় এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করছে তার পরিবার। তবে কারখানা কর্তৃপক্ষ ও মার্কেট কমিটি ঘটনাটি স্বাভাবিক মৃত্যু হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।
নিহত বিপ্লব শেখ মুন্সিগঞ্জ সদর এলাকার খোরশেদ শেখের ছেলে। তিনি সাইনবোর্ড এলাকার মিতালী মার্কেটের একটি পোশাক কারখানায় সেলাইকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে ওই কারখানা থেকে বিপ্লবের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের বোন সীমা আক্তার অভিযোগ করেন, কারখানা কর্তৃপক্ষ একেক সময় একেক তথ্য দিচ্ছে। প্রথমে তারা স্ট্রোকের কথা বললেও পরে দাবি করে বিপ্লব ওয়াশরুমে পড়ে গিয়ে মারা গেছেন। তড়িঘড়ি করে লাশ হস্তান্তরের চেষ্টা করায় পরিবারের সন্দেহ হয় এবং পরে তারা মরদেহে আঘাতের চিহ্ন দেখতে পান। পরিবারের প্রশ্ন— কেন বিপ্লবকে ভোর ৬টায় জরুরি ভিত্তিতে কারখানায় ডেকে আনা হয়েছিল?
স্বজনদের অভিযোগ, এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করতে গেলে ময়নাতদন্তের রিপোর্টের অজুহাত দিয়ে সময়ক্ষেপণ করছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক। রাত ১টা পর্যন্ত পুলিশ কোনো অভিযোগ গ্রহণ করেনি বলে দাবি করেছেন নিহতের স্বজনরা।
এ বিষয়ে বক্তব্য জানতে সিদ্ধিরগঞ্জ থানার ওসির ব্যক্তিগত মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। সুরতহাল প্রস্তুতকারী এসআই মোস্তফা কামালের ফোনটিও বন্ধ পাওয়া গেছে। রহস্যজনক এই মৃত্যু এবং পুলিশের নির্লিপ্ততায় নিহতের পরিবার ও স্থানীয় শ্রমিকদের মাঝে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments