সংসদে রেকর্ড ৯১ পাসের মাধ্যমে ১২০ অধ্যাদেশ নিষ্পত্তি, কার্যকারিতা হারাল ২০টি
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনি বৈধতা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেছে ত্রয়োদশ জাতীয় সংসদ। টানা ছয় দিনে মোট ৯১টি বিল পাসের মাধ্যমে ১২০টি অধ্যাদেশের নিষ্পত্তি করা হয়েছে, যা দেশের সংসদীয় ইতিহাসে স্বল্পতম সময়ে সর্বোচ্চ বিল পাসের এক নজিরবিহীন ঘটনা। তবে গণভোট ও পুলিশ কমিশনসহ ১৩টি অধ্যাদেশ সংসদে অনুমোদন না পাওয়ায় এবং ৭টি অধ্যাদেশ রহিত হওয়ায় মোট ২০টি অধ্যাদেশ আজ থেকে কার্যকারিতা হারিয়েছে।
সংসদীয় বিধি অনুযায়ী, সংসদ না থাকা অবস্থায় রাষ্ট্রপতির জারি করা অধ্যাদেশগুলো অধিবেশন শুরুর ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে হয়। শুক্রবার ছিল এর শেষ দিন। অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৮৭টি বিল পাসের মাধ্যমে ১১৩টি অধ্যাদেশকে (যার মধ্যে জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি রয়েছে) অনুমোদন দেওয়া হয়েছে। অন্যদিকে, ৪টি বিল পাসের মাধ্যমে জাতীয় মানবাধিকার কমিশন, সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠাসহ ৭টি অধ্যাদেশ বাতিল করে আগের আইন পুনর্বহাল করা হয়েছে।
সংসদে অনুমোদন না পাওয়ায় যে ১৩টি অধ্যাদেশ আজ থেকে কার্যকারিতা হারালো তার মধ্যে উল্লেখযোগ্য হলো— গণভোট অধ্যাদেশ, পুলিশ কমিশন অধ্যাদেশ, গুম প্রতিরোধ ও প্রতিকার সংক্রান্ত ২টি অধ্যাদেশ, দুর্নীতি দমন কমিশন (সংশোধন), তথ্য অধিকার (সংশোধন) এবং কাস্টমস ও আয়কর (সংশোধন) অধ্যাদেশ। রহিত হওয়া ৭টি অধ্যাদেশের কাজের আইনি সুরক্ষা দেওয়া হলেও, এই ১৩টি অধ্যাদেশের অধীনে অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপগুলোর ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে অস্পষ্টতা তৈরি হয়েছে। বিশেষ করে ‘গণভোট ২০২৬’ ও এর অন্যান্য কার্যক্রমের আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন উঠেছে।
গত ১২ মার্চ আইনমন্ত্রী আসাদুজ্জামান অধ্যাদেশগুলো সংসদে উত্থাপন করার পর সেগুলো যাচাই-বাছাইয়ের জন্য বিশেষ কমিটিতে পাঠানো হয়। ২ এপ্রিল কমিটি ৯৮টি অধ্যাদেশ হুবহু এবং ১৫টি সংশোধিত আকারে পাসের সুপারিশ করে। তবে সংসদে এর কিছু ব্যত্যয় দেখা যায়। যেমন— পুলিশ কমিশন অধ্যাদেশটি সংশোধিত আকারে পাসের সুপারিশ থাকলেও তা সংসদে তোলাই হয়নি।
বিশেষ কমিটির সুপারিশ অনুযায়ী ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল’ অপরিবর্তিত অবস্থায় পাসের কথা থাকলেও, শেষ দিনে এটি সংশোধিত আকারে পাস হয়। এর তীব্র প্রতিবাদ জানিয়ে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ‘বিশ্বাসভঙ্গ ও ছলচাতুরির’ অভিযোগ তোলেন। আইনমন্ত্রী আসাদুজ্জামান একে বেসরকারি সদস্যের সংশোধনী প্রস্তাবের ফসল বলে দাবি করলেও, ক্ষুব্ধ বিরোধী দল স্পিকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে সংসদ থেকে ওয়াকআউট করে।
শুক্রবার শেষ দিনে গৃহায়ণ, অর্থ, শিক্ষা, পরিবেশ, ডাক ও টেলিযোগাযোগ, মহিলা ও শিশু বিষয়ক এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরের মোট ২৮টি বিল পাস হয়। বিল পাসের কার্যক্রম শেষে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) আগামী ১৫ এপ্রিল (বুধবার) বেলা ১১টা পর্যন্ত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন মুলতবি ঘোষণা করেন।
মানবকণ্ঠ/আরআই




Comments