Image description

থাইল্যান্ডের সোংখলা প্রদেশের একটি সমুদ্রতীরবর্তী রিসোর্টে অভিযান চালিয়ে ২১ জন বাংলাদেশি অবৈধ অভিবাসী ও মায়ানমারের এক নারীকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন পুলিশ।

স্থানীয় সংবাদমাধ্যম ব্যাংকক পোস্টের প্রতিবেদনে জানানো হয়, অবৈধভাবে থাইল্যান্ডে প্রবেশ ও অবস্থানের অভিযোগে তাদের আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৮ এপ্রিল) বিকেলে পরিচালিত অভিযানে দেখা যায়, পরিচয়পত্রবিহীন এসব অভিবাসী রিসোর্টের ভেতরে একটি গোপন কক্ষে গাদাগাদি করে লুকিয়ে ছিলেন।

আটক ব্যক্তিদের বয়স ২০ থেকে ৪৬ বছরের মধ্যে। জানা গেছে, তারা অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন এবং এজন্য প্রত্যেকে দালালদের প্রায় ৭ লাখ টাকা করে পরিশোধ করেছেন।

অভিযানের সময় রিসোর্টের ৬৬ বছর বয়সী মালিক কৃতিদেতকেও গ্রেপ্তার করা হয়। যদিও তিনি দাবি করেছেন, অভিবাসীদের উপস্থিতি সম্পর্কে তিনি কিছুই জানতেন না।

পুলিশ সূত্রে আরও জানা যায়, বাংলাদেশি অভিবাসীরা প্রথমে বিমানে করে কম্বোডিয়ায় যান। এরপর গত ৪ এপ্রিল সা কায়েও প্রদেশ সীমান্ত দিয়ে পায়ে হেঁটে থাইল্যান্ডে প্রবেশ করেন। সেখানে দুই দিন একটি হোটেলে অবস্থানের পর তাদের বিভিন্ন স্থানে সরিয়ে নেওয়া হয়। পরবর্তীতে বুধবার ভোরে একটি পিকআপ গাড়িতে করে তাদের ওই রিসোর্টে আনা হয়।

আটকদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাদের খুয়ান মীড পুলিশ স্টেশনে হস্তান্তর করা হয়েছে।


মানবকণ্ঠ/আরআই