Image description

ঝিনাইদহের কালীগঞ্জে দুটি যাত্রীবাহী বাসের আগে যাওয়ার প্রতিযোগিতার মাঝে পড়ে ওসমান আলী (৪০) নামে এক হকারের মৃত্যু হয়েছে। রোববার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে কালীগঞ্জ শহরের মেইন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওসমান আলী কালীগঞ্জ পৌরসভার হেলাই গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন যানবাহনে ঘুরে ঘুরে পণ্য বিক্রি করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে শাপলা পরিবহনের একটি বাস দাঁড়িয়ে যাত্রী তুলছিল। এ সময় একই পরিবহনের আরেকটি বাস দ্রুতগতিতে সেটিকে অতিক্রম করার চেষ্টা করে। দুই বাসের মাঝখানের সরু জায়গায় আটকা পড়েন হকার ওসমান আলী। তিনি চিৎকার করলেও চালকরা বাসের গতি না কমিয়ে প্রতিযোগিতায় লিপ্ত থাকেন। এতে দুই বাসের চাপে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জান্নাতুল নাঈম লাজুক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। নিহতের বুকে ও মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ঘাতক বাস ও চালকদের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মানবকণ্ঠ/ডিআর