রামগঞ্জে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে শিক্ষকের জমি দখলের অভিযোগ
লক্ষ্মীপুরের রামগঞ্জে এক কলেজ শিক্ষকের জমি ও দোকানঘর জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক কাউন্সিলর সাত্তার কমিশনারের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, ২০১৮ সালে রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে জমিটি দখল করা হলেও গত আট বছরেও তা উদ্ধার করতে পারেননি ভুক্তভোগী শিক্ষক।
ভুক্তভোগী শিক্ষক হারুনুর রশিদ জানান, রামগঞ্জ-হাজীগঞ্জ মহাসড়কের পাশে অবস্থিত ৫ শতাংশ জমি তিনি ২০০৮ সালে ক্রয় করেন এবং সেখানে তিনটি দোকানঘর নির্মাণ করেন। কিন্তু ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি এলাকায় রাজনৈতিক উত্তেজনার সুযোগ নিয়ে উপজেলা আওয়ামী লীগের সমাজকল্যাণ সম্পাদক সাত্তার কমিশনার এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পেয়ার আলিসহ একদল লোক তাঁর দোকানঘরগুলো ভেঙে জমিটি দখল করে নেন। বর্তমানে সেখানে ভবন নির্মাণ করে ভোগদখল করা হচ্ছে।
জমিটির সাবেক ভাড়াটিয়া ইব্রাহিম বলেন, "আমরা ২০১৩ সাল থেকে শিক্ষক হারুনুর রশিদের কাছ থেকে ভাড়া নিয়ে ব্যবসা করছিলাম। কিন্তু হঠাৎ করেই প্রভাবশালী ওই নেতারা আমাদের উচ্ছেদ করে দোকান ভেঙে জমিটি দখল করে নেন।" প্রত্যক্ষদর্শী লিটন পাটোয়ারীও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী শিক্ষক আরও বলেন, "সে সময় ক্ষমতার দাপট ও প্রাণনাশের ভয়ে আমি কোনো আইনি পদক্ষেপ নিতে পারিনি। দীর্ঘদিন জমি হারিয়ে আমি দিশেহারা। এখন ন্যায়বিচারের আশায় আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।"
এ বিষয়ে অভিযুক্ত সাত্তার কমিশনারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ব্যবহৃত মুঠোফোন নম্বরটি বন্ধ পাওয়া গেছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments