Image description

মাদারীপুরের শিবচরে ‘কালো সোনা’ খ্যাত কালোজিরার বাম্পার ফলন হয়েছে। চলতি মৌসুমে অনুকূল আবহাওয়া আর ভালো বাজার দরের কারণে কালোজিরা চাষে ভাগ্য ফিরছে এ অঞ্চলের কৃষকদের। মাঠজুড়ে কালোজিরার ফলন দেখে কৃষকদের মুখে এখন স্বস্তির হাসি।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর শিবচরের প্রায় ১ হাজার ৪২৫ হেক্টর জমিতে কালোজিরার আবাদ হয়েছে। উপজেলার কাদিরপুর, কুতুবপুর, কাঠালবাড়ী, মাদবরের চর ও উমেদপুরসহ বিভিন্ন ইউনিয়নে বিস্তীর্ণ মাঠজুড়ে এখন কালোজিরা কাটার ধুম পড়েছে। রোগবালাই কম হওয়া এবং সময়মতো পরিচর্যার কারণে এ বছর উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

কৃষকরা জানান, অন্যান্য ফসলের তুলনায় কালোজিরা চাষে খরচ অনেক কম কিন্তু লাভ কয়েকগুণ বেশি। গত বছর প্রতি মণ কালোজিরা ১২ থেকে ১৩ হাজার টাকায় বিক্রি হলেও বর্তমানে বাজারে এর দর ১৮ থেকে ২০ হাজার টাকা।

স্থানীয় কৃষক আবুল কালাম শেখ বলেন, "এবার আবহাওয়া ভালো থাকায় ফলন খুব ভালো হয়েছে। গতবারের চেয়ে দামও বেশি পাচ্ছি। লাভ ভালো হওয়ায় সামনের বছর আরও বেশি জমিতে কালোজিরা চাষ করার চিন্তা করছি।" আরেক কৃষক মজিবুর রহমান মোল্লা জানান, ধান বা অন্যান্য ফসলের চেয়ে কালোজিরা চাষে ঝুঁকি কম থাকায় গ্রামের অনেক কৃষকই এখন এই মসলা জাতীয় ফসল চাষে আগ্রহী হচ্ছেন।

শিবচর উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, "চলতি মৌসুমে শিবচরে কালোজিরার আবাদ উল্লেখযোগ্য হারে বেড়েছে। আমরা কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে আসছি। সঠিক পরিচর্যার ফলে ফলন যেমন বেড়েছে, তেমনি বাজারে দাম ভালো থাকায় কৃষকরা আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন। এটি আমাদের গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে।"

মানবকণ্ঠ/ডিআর