Image description

বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিদের শুভেচ্ছা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। সোমবার (১৩ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা জানান।

বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, মহাকালের পরিক্রমায় আরেকটি বাংলা নববর্ষ জাতির দুয়ারে উপস্থিত হয়েছে। এবারের নববর্ষকে তিনি এক ঐতিহাসিক পরিবর্তনের বার্তাবাহক হিসেবে উল্লেখ করেন। দেশ-বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে দেশকে মুক্ত করার আপোষহীন সংগ্রাম চালিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশিত পরিবর্তিত বাংলাদেশ গড়ে তোলাই হোক সবার অঙ্গীকার। ন্যায়বিচার, অর্থনৈতিক মুক্তি এবং মানবিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বিবৃতির শেষে মহান আল্লাহর কাছে জাতির সার্বিক কল্যাণ কামনা করেন ডা. শফিকুর রহমান।