Image description

নওগাঁর সাপাহার সীমান্তে আবারও নারী, পুরুষ ও শিশুসহ ৯ জন বাংলা ভাষাভাষীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (২৩ জুন) দিবাগত শেষ রাতের দিকে পতাড়ী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে বিজিবির কঠোর বাধায় তারা সীমান্তরেখায় অবস্থান করছেন।

নওগাঁ বিজিবি-১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোররাতের দিকে আদাতলা বিওপির আওতাধীন পাতাড়ী সীমান্ত এলাকার ৪৪ নম্বর মেইন পিলারের কাছে কয়েকজন ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে বিজিবি সদস্যরা। তাৎক্ষণিকভাবে তাদের শূন্যরেখায় আটকে দেওয়া হয়।

প্রাথমিক তথ্যে জানা গেছে, আটকে পড়া ৯ জন ভারতের বাংলা ভাষাভাষী নাগরিক। তাদের ভারতের ২৯ বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর ক্যাম্পের সদস্যরা জোরপূর্বক বাংলাদেশে পাঠানোর (পুশইন) চেষ্টা করে। এই দলে ৩ জন পুরুষ, ৩ জন নারী এবং ৩ জন শিশু রয়েছে।

বিজিবি অধিনায়ক আরও জানান, ওই ৯ ব্যক্তি এখনও সীমান্তের শূন্যরেখাতেই অবস্থান করছেন। বিএসএফ যেন তাদের বাংলাদেশে প্রবেশ করাতে না পারে, সেজন্য সীমান্তে বিজিবির কড়া নজরদারি ও পাহারা জোরদার করা হয়েছে। এ বিষয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের প্রক্রিয়া চলছে বলেও জানা গেছে।

মানবকণ্ঠ/ডিআর