জলঢাকায় মন্দিরের সামনে থেকে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার
নীলফামারীর জলঢাকায় একটি কালী মন্দিরের সামনে থেকে প্রভাত চন্দ্র রায় (৫৫) নামে এক বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার কৈমারী ইউনিয়নের দোলাপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত প্রভাত চন্দ্র রায় ওই এলাকার নীলকান্ত রায়ের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে মন্দিরের সামনে প্রভাত চন্দ্র রায়ের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে জলঢাকা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্ত ও প্রাথমিক তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে।"
মানবকণ্ঠ/ডিআর




Comments