পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছেড়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) যোগ দেওয়ায় জিম্বাবুয়ের ফাস্ট বোলার ব্লেসিং মুজারাবানিকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মঙ্গলবার (১৪ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পিসিবি এই কঠোর সিদ্ধান্তের কথা জানায়।
জানা গেছে, পিএসএল ও আইপিএলের নিলামে শুরুতে অবিক্রীত ছিলেন ২৯ বছর বয়সী এই পেসার। পরে পিএসএলের দল ইসলামাবাদ ইউনাইটেড ওয়েস্ট ইন্ডিজের পেসার শামার জোসেফের বদলি হিসেবে মুজারাবানিকে সরাসরি সই করায়। কিন্তু এর মধ্যেই আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে ডাক পান তিনি।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে গত ডিসেম্বরে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে কেকেআর ছেড়ে দেওয়ার পর ফিজের শূন্যতা পূরণে মুজারাবানিকে দলে নেয় কলকাতা। আইপিএলে খেলার বড় সুযোগ পেয়ে পিএসএল ছাড়ার সিদ্ধান্ত নেন এই জিম্বাবুইয়ান তারকা। পিসিবির মতে, এটি সরাসরি চুক্তি ভঙ্গের শামিল।
এর আগে গত মৌসুমে দক্ষিণ আফ্রিকার পেসার করবিন বশকেও একই কারণে এক বছরের জন্য নিষিদ্ধ করেছিল পিসিবি। এছাড়া অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার স্পেনসার জনসন এবং শ্রীলঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকাও এবারের পিএসএল থেকে নিজেদের সরিয়ে নিয়ে আইপিএলে যোগ দিয়েছেন। লাহোর কালান্দার্স ছেড়ে শানাকা রাজস্থান রয়্যালসে এবং কোয়েটা গ্লাডিয়েটর্স ছেড়ে জনসন চেন্নাই সুপার কিংসে যোগ দিয়েছেন। তাদের বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও তারা মুজারাবানির মতো শাস্তির মুখে পড়তে পারেন বলে ধারণা করা হচ্ছে।
পিসিবি জানায়, মুজারাবানির চুক্তি ভঙ্গের অভিযোগটি তাদের শৃঙ্খলামূলক কমিটি তদন্ত করেছে। তদন্ত প্রতিবেদন ও সুপারিশের ভিত্তিতেই তাকে আগামী দুই বছরের জন্য পিএসএলে নিষিদ্ধ করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments