Image description

পয়লা বৈশাখের হালখাতার বকেয়া পরিশোধের ঐতিহ্যের মতো জাতীয় জীবনের সব বকেয়া পরিশোধ করতে ক্ষমতাসীন বিএনপি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে রাজধানীর বাংলামোটরের নেভি গলিতে এনসিপি আয়োজিত নববর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘আজকের দিনে আমাদের প্রত্যাশা অনেক বেশি। আমরা নতুন বাংলাদেশ চাই। নতুন দেশের জন্য আমাদের তরুণ প্রজন্ম রক্ত দিয়েছে, জীবন দিয়েছে।’ এ সময় তিনি জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ শরিফ ওসমান বিন হাদিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

এনসিপির আহ্বায়ক বলেন, ‘পয়লা বৈশাখে হালখাতা খোলা হয় সব বকেয়া পরিশোধের জন্য। জাতীয় জীবনে আমাদের সবচেয়ে বড় বকেয়া হচ্ছে "জুলাই সনদ"। গণ-অভ্যুত্থান হয়েছে, নির্বাচন হয়েছে এবং সরকার গঠিত হয়েছে। কিন্তু জনগণ এখনো কাঙ্ক্ষিত সংস্কার পায়নি। সংস্কারের বকেয়া রেখেই সরকার কার্যক্রম শুরু করেছে। জনগণের কাছে এই সরকারের রক্তের ঋণ ও দেনা এখনো বাকি রয়ে গেছে।’

বিরোধীদলীয় চিফ হুইপ হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘জুলাই সনদকে যারা অমান্য করার চেষ্টা করছে বা গণভোটের রায় মানতে চাইছে না, তাদের বলতে চাই—অচিরেই গণরায়ের ভিত্তিতে সংস্কার বাস্তবায়ন করতে হবে। নতুন বছরে আমাদের অঙ্গীকার হবে সেই বকেয়া ও রক্তের ঋণ পরিশোধ করা।’

নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের জারি করা গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বাতিল করে বর্তমান সরকার জনগণের সঙ্গে বেইমানি করেছে। তিনি দাবি জানান, দ্রুততম সময়ের মধ্যে সেই অধ্যাদেশগুলোকে নতুনভাবে বিল হিসেবে সংসদে এনে পূর্ণাঙ্গ আইনে পরিণত করতে হবে।

অনুষ্ঠানে এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

মানবকণ্ঠ/ডিআর