শ্রীপুরে পুলিশ ও বহিরাগত শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত বেশ কয়েকজন
গাজীপুরের শ্রীপুরে ‘কালার এন্ড কোং লিমিটেড’ পোশাক কারখানায় এক নারী শ্রমিকের মৃত্যুর জেরে শনিবারও (২৭ জুন) পুলিশ ও শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। উদ্ভূত পরিস্থিতিতে কারখানায় দুই দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামে কারখানার সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।
কারখানার শ্রমিকরা জানান, গত বুধবার রাতের শিফটে কাজ করার সময় লিজা বেগম (৩৬) নামে এক শ্রমিক অসুস্থ হয়ে মারা যান। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার শ্রমিকরা বিক্ষোভ করলে কর্তৃপক্ষ ওইদিন ছুটি ঘোষণা করে এবং আজ শনিবার কারখানায় আসতে বলে। সকালে শ্রমিকরা কারখানায় প্রবেশ করে মরহুম সহকর্মীর জন্য আয়োজিত শোক সভা ও দোয়া মাহফিলে অংশ নেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দোয়া চলাকালে একদল বহিরাগত উচ্ছৃঙ্খল লোক কারখানার প্রধান ফটকে এসে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এসময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
বিক্ষুব্ধরা সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত মাওনা-গফরগাঁও আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখে। এতে সড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (ইন্সপেক্টর) স্বপন কুমার জানান, নিহত শ্রমিকের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান চলাকালে কিছু বহিরাগত উস্কানি দিয়ে কারখানা ভাঙচুরের চেষ্টা চালায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক আছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments