মাঠে ফিরলেন, গোলও করলেন; কিন্তু দিনটি নিজের করে নিতে পারলেন না ব্রাজিলিয়ান মহাতারকা নেইমার জুনিয়র। কোপা সুদামেরিকানায় সান্তোসের ঘরের মাঠ ভিলা বেলমিরোতে ডিপোর্তিভো রেকোলেটার বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর এক অনাকাঙ্ক্ষিত বিতর্কে জড়িয়ে পড়েছেন তিনি। গ্যালারি থেকে আসা দুয়োধ্বনির জবাবে দর্শকদের সঙ্গে সরাসরি বাকবিতণ্ডায় লিপ্ত হন এই তারকা ফরোয়ার্ড।
ম্যাচের শুরুতেই ইনজুরি কাটিয়ে ফেরা নেইমারের গোলে লিড নিয়েছিল সান্তোস। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। প্রথমবারের মতো আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলতে আসা প্রতিপক্ষ রেকোলেটা প্রথমার্ধের অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরায়। শেষ পর্যন্ত জয় না পাওয়ায় গ্রুপ ‘ই’-এর তলানিতে নেমে গেছে সান্তোস, যা মেনে নিতে পারেননি উপস্থিত সমর্থকরা।

ম্যাচ শেষে গ্যালারি থেকে দুয়োধ্বনি শুরু হলে নেইমার মেজাজ হারিয়ে দর্শকদের ‘চুপ’ থাকার ইশারা করেন। পরিস্থিতি আরও উত্তপ্ত হয় যখন এক সমর্থকের সঙ্গে তার সরাসরি কথা-কাটাকাটি হয়। টানেলে ফেরার সময় এক দর্শক নেইমারকে ‘স্পয়েলড’ বা অতিরিক্ত সুবিধাভোগী বলে কটাক্ষ করলে নেইমারও পাল্টা আক্রমণ করেন। ক্ষুব্ধ নেইমার ওই সমর্থকের শারীরিক গঠন নিয়ে ব্যঙ্গ করে বলেন, “তোমার আরও ট্রেনিং করা উচিত, তুমি তো মোটা হয়ে যাচ্ছ! আমি এখানে আমার সর্বোচ্চটা দিচ্ছি, আর তোমাকে তোমার এক মিনিটের খ্যাতি দিয়ে দিলাম।”
পরবর্তীতে ইএসপিএন ব্রাজিলকে দেয়া সাক্ষাৎকারে নেইমার নিজের অবস্থানের সপক্ষে যুক্তি দেন। তিনি বলেন, “দল খারাপ খেলেনি, আমরা অনেক সুযোগ তৈরি করেছি। সমর্থকরা জয় চায় বলেই তারা নার্ভাস হয়ে পড়ে। মাঠের পারফরম্যান্স নিয়ে সমালোচনা আমি মাথা পেতে নেব, কিন্তু ব্যক্তিগত আক্রমণ মেনে নেয়া যায় না। ক্লাবের জন্য আমি সবসময় জানপ্রাণ দিয়ে খেলি।”
বর্তমানে নেইমারের মূল লক্ষ্য হলো আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে নিজেকে শতভাগ ফিট রাখা। দীর্ঘ ইনজুরি আর হাঁটুর অস্ত্রোপচারের ধকল কাটিয়ে তিনি মাঠে ফিরেছেন। আগামী ১৯ এপ্রিল ফ্লুমিনেন্সের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামবে তার দল সান্তোস। জাতীয় দলে নিজের জায়গা পাকা করতে এই ম্যাচগুলো নেইমারের জন্য এখন এসিড টেস্টের মতো।
মানবকণ্ঠ/আরআই




Comments