Image description

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে একটি পরিত্যক্ত কূপ থেকে দেশীয় তৈরি একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন যুবককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার জাফলংয়ের রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে এই অস্ত্র উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন—সিলেটের এয়ারপোর্ট এলাকার আতাউর রহমানের ছেলে সুরমান আহমদ (২৫), ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর পূর্বপাড়া এলাকার মোজাম্মেল হক চৌধুরীর ছেলে আতাউল মস্তফা (৩১) এবং সিলেটের শাহপরান থানার কুল্লুগ্রাম এলাকার মৃত হাফিজ মিয়ার ছেলে টুটুল মিয়া (২৪)।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে একটি দেশীয় অস্ত্র কূপের মধ্যে ফেলে রাখা হয়েছে—এমন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে গোয়াইনঘাট থানা পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথমে ঘটনার সাথে সরাসরি জড়িত সন্দেহে সুরমান আহমদকে আটক করা হয়। পরে তার দেওয়া জবানবন্দি অনুযায়ী দিনভর তল্লাশি চালিয়ে রাত ৮টার দিকে স্থানীয় জনতা ও সংবাদকর্মীদের সহযোগিতায় রসুলপুর এলাকার ওই কূপের ভেতর থেকে পিস্তলটি উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে আরও দুইজনকে আটক করা হয়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা একজনকে আটক করি। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে স্থানীয়দের সহায়তায় কূপ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত পিস্তলটি জব্দ করা হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

মানবকণ্ঠ/ডিআর