কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করেছে বর্তমান সরকার: কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী আমিন উর রশিদ বলেছেন, বর্তমান সরকার কৃষি ও কৃষকবান্ধব সরকার। সরকার প্রধান তারেক রহমান ক্ষমতা গ্রহণের পরপরই প্রান্তিক পর্যায়ের কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছেন। এছাড়া স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও ছিলেন অত্যন্ত কৃষকপ্রেমী মানুষ। তিনি কৃষকদের ভাগ্যন্নোয়নে সীমান্তবর্তী সোনাইছড়ি খাল খননের ঐতিহাসিক উদ্যোগ নিয়েছিলেন।
শুক্রবার (১৭ এপ্রিল) বেলা ১১টায় কুমিল্লার আদর্শ সদর উপজেলার বিবির বাজার এলাকায় 'কৃষক কার্ড' বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, "আমি নিজেও একজন কৃষক। দেশের ৭০ ভাগ কৃষক যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়, তবেই বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক সফলতা নিশ্চিত হবে। কৃষকদের উৎপাদন খরচ কমাতে এবং নিত্যপ্রয়োজনীয় কৃষি উপকরণ সহজলভ্য করতে এই কার্ড কার্যকর ভূমিকা রাখবে।"
মন্ত্রী আরও জানান, তিন পর্যায়ের কৃষকরা এই 'কৃষক কার্ড' থেকে বিশেষ সুবিধা পাবেন। প্রান্তিক, ক্ষুদ্র ও ভূমিহীন কৃষকরা এই কার্ডের মাধ্যমে সরকার নির্ধারিত মূল্যে সার, বীজসহ প্রয়োজনীয় কৃষি পণ্য ক্রয়ের সুবিধা ভোগ করতে পারবেন।
কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ সংসদীয় আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন, কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ই-মোহাম্মদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুর রহিম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা তুজ জোহরা। এসময় কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মন্ত্রী স্থানীয় কৃষকদের হাতে আনুষ্ঠানিকভাবে 'কৃষক কার্ড' তুলে দেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments