আফগানিস্তানের তারকা ক্রিকেটার ও বর্তমান বিশ্বের অন্যতম সেরা লেগ-স্পিনার রশিদ খান বাবা হয়েছেন। তার ঘর আলো করে এসেছে এক পুত্রসন্তান। সামাজিক যোগাযোগমাধ্যমে এই খুশির খবরটি তিনি নিজেই ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন।
ইন্ডিয়া টুডের বরাতে জানা যায়, নবজাতকের একটি স্নিগ্ধ ছবি শেয়ার করে রশিদ খান তার পুত্রের নাম জানিয়েছেন ‘আসলান খান’। ছবিতে একটি কাঠের প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘হ্যালো পৃথিবী, আমার নাম আসলান খান।’
পোস্টে আবেগঘন ক্যাপশনে রশিদ লেখেন, ‘আলহামদুলিল্লাহ। পৃথিবীতে স্বাগতম আমার ছোট রাজপুত্র।’ একইসঙ্গে তিনি তার নতুন অতিথি ও পরিবারের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।
পারিবারিক এই খুশির খবরের পাশাপাশি মাঠের পারফরম্যান্সেও দারুণ ছন্দে আছেন এই আফগান তারকা। গত শুক্রবার (১৭ এপ্রিল) আইপিএলে গুজরাট টাইটানসের হয়ে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিপক্ষে ম্যাচে দুর্দান্ত বল করেছেন রশিদ। কেকেআরের ঝড়ো ব্যাটার ক্যামেরন গ্রিনকে (৭৯ রান) ইনিংসের শেষ বলে আউট করে কলকাতাকে ১৮০ রানে আটকে দিতে বড় ভূমিকা রাখেন তিনি।
পরবর্তীতে শুভমান গিলের ৮৬ রান এবং জস বাটলারের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৫ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় গুজরাট টাইটানস। এটি চলতি মৌসুমে দলটির তৃতীয় জয়। মাঠের জয়ের পর ব্যক্তিগত জীবনের এই প্রাপ্তি রশিদ খানের আনন্দকে দ্বিগুণ করে দিয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments