কুড়িগ্রামের রাজারহাটে পেট্রোল পাম্পে জ্বালানি তেল নেওয়ার পর ট্যাংকের মুখ বন্ধ না করেই সিগারেট জ্বালাতে গিয়ে ভয়াবহ বিপত্তি ঘটিয়েছেন এক যুবক। সিগারেটের আগুন তেলের সংস্পর্শে আসতেই মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলে ওঠে তার শখের মোটরসাইকেলটি। রোববার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার ‘মেসার্স অদ্বিতা সুধী কানন’ ফিলিং স্টেশনে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, এক যুবক তার পালসার মোটরসাইকেলে তেল নিতে পাম্পে আসেন। তেল নেওয়া শেষ হওয়ার পরপরই ট্যাংকের মুখ খোলা থাকা অবস্থায় অসাবধানতাবশত তিনি লাইটার জ্বালিয়ে সিগারেট ধরাতে যান। আগুনের ফুলকি তেলের বাষ্পের সংস্পর্শে আসতেই পুরো মোটরসাইকেলে আগুন ধরে যায়। এতে পাম্প এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বড় ধরনের বিস্ফোরণের আশঙ্কায় লোকজন ছোটাছুটি শুরু করেন। পরে উপস্থিত লোকজনের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ততক্ষণে মোটরসাইকেলটির অধিকাংশ অংশ পুড়ে ছাই হয়ে যায়।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই মোটরসাইকেল আরোহী পাম্পে তেল নেওয়ার পর টাংকির মুখ বন্ধ না করেই সিগারেট জ্বালাতে গিয়েছিলেন। এতেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে স্থানীয়দের সাহসিকতায় বড় ধরনের কোনো বিস্ফোরণ বা প্রাণহানি ঘটেনি।
এই ঘটনার পর পাম্প এলাকায় নিরাপত্তা ও সচেতনতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। চালকদের এমন অবিবেচক আচরণে বড় ধরনের জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে বলে মনে করছেন স্থানীয়রা।
মানবকণ্ঠ/আরআই




Comments