Image description

মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নাহিদ রানার গতির ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপ। ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট শিকার করে কিউইদের দুইশ রানের নিচেই আটকে দিয়েছেন এই তরুণ পেসার। সিরিজ বাঁচাতে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়িয়েছে ১৯৯ রান।

সোমবার (২০ এপ্রিল) টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেও শুরু থেকেই বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে সফরকারীরা। ইনিংসের প্রথম ১০ ওভারে মাত্র ২৮ রান তুলতেই ২ উইকেট হারায় নিউজিল্যান্ড। প্রথম চার ওভারে কোনো রানই তুলতে দেননি তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। অষ্টম ওভারে প্রথম আঘাত হানেন নাহিদ রানা, হেনরি নিকোলসকে (১৩) এলবিডব্লিউর ফাঁদে ফেলে। পরের ওভারেই উইল ইয়াংকে (৭) সাজঘরে ফেরান তিনি।

৫২ রানে ৩ উইকেট হারানো কিউইদের পক্ষে একমাত্র প্রতিরোধ গড়েন নিক কেলি। ব্যক্তিগত ৮৩ রান করে তিনি শরিফুল ইসলামের শিকার হন। কেলি ও মুহাম্মদ আব্বাসের ৫৬ রানের জুটি ভাঙার পর নিউজিল্যান্ডের ইনিংস আবার ধসে পড়ে। আব্বাসকে (১৯) ফেরান সেই নাহিদ রানাই। অধিনায়ক টম ল্যাথাম ১৪ রান করে সৌম্য সরকারের বলে বিদায় নেন।

মাঝপথে রিশাদ হোসেন ও শেষ দিকে শরিফুল ইসলামের নিয়ন্ত্রিত বোলিংয়ে দিশেহারা হয়ে পড়ে নিউজিল্যান্ডের টেল-এন্ডাররা। নাহিদ রানা তার শেষ ওভারে জেইডেন লেনক্সকে বোল্ড করে পূর্ণ করেন ক্যারিয়ারের দ্বিতীয় ‘ফাইফার’। ৩২ রান খরচায় ৫ উইকেট নিয়ে তিনি ছিলেন বাংলাদেশের সেরা বোলার। শেষ পর্যন্ত ৪৮.৪ ওভারে ১৯৮ রানে অলআউট হয় নিউজিল্যান্ড।

সিরিজে ১-০ তে পিছিয়ে থাকা বাংলাদেশের জন্য এই ম্যাচটি টিকে থাকার লড়াই। আজকের ম্যাচে আফিফ হোসেনের পরিবর্তে দলে ফিরেছেন সৌম্য সরকার। এখন ১৯৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নামবে নাজমুল হোসেন শান্তর দল।

মানবকণ্ঠ/আরআই