সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের সম্মানহানি এবং বিশেষ করে নারীদের নিয়ে অপপ্রচার ও ‘মবিং’ রোধে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেন, সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণে দেশে আইন রয়েছে এবং জনস্বার্থে সরকারের উচিত তা যথাযথভাবে প্রয়োগ করা।
রোববার (১৮ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
ব্যারিস্টার খোকন বলেন, “বর্তমানে সামাজিক মাধ্যমে যেভাবে মানুষের চরিত্র হনন করা হচ্ছে, মব করা হচ্ছে—তা অত্যন্ত উদ্বেগের বিষয়। পুরুষদের পাশাপাশি বিশেষ করে নারীদের নিয়ে কুরুচিপূর্ণ কর্মকাণ্ড চালানো হচ্ছে। আমাদের দেশে সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণের আইন রয়েছে। জনগণের সম্মান রক্ষায় সরকারের উচিত এই মাধ্যমটিকে নিয়ন্ত্রণের আওতায় আনা।”
অধিবেশনের শুরুতে নবনির্বাচিত ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে অভিনন্দন জানিয়ে খোকন বলেন, “আপনি একজন দক্ষ আইনজীবী এবং ব্যারিস্টারি ডিগ্রি অর্জন করেছেন। আমরা গত ১৭ বছর রাজপথে একই সঙ্গে আন্দোলন-সংগ্রামে ছিলাম। আপনি সুপ্রিম কোর্ট বারের সভাপতি ও ডেপুটি স্পিকার হওয়ায় আমি আনন্দিত। আশা করি, আপনার আইনি অভিজ্ঞতা এই সংসদকে আরও প্রাণবন্ত ও উচ্চস্তরে নিয়ে যাবে।”
সক্রিয় আইনজীবীদের সংসদে বেশি কথা বলার সুযোগ দেওয়ার দাবি জানিয়ে তিনি আরও বলেন, “সংসদে অনেক ব্যারিস্টার ও অ্যাডভোকেট আছেন যারা নিয়মিত কোর্টে প্র্যাকটিস করেন না। যারা হাইলি প্রফেশনাল এবং নিয়মিত প্র্যাকটিশনার, তাদের অভিজ্ঞতার আলোকে কথা বলার সুযোগ দিলে দেশ ও সংসদ বেশি উপকৃত হবে।”
মানবকণ্ঠ/আরআই




Comments