Image description

বাগেরহাটের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য একটি আধুনিক নতুন ভবন নির্মাণের প্রয়োজনীয়তা এবং সরকারের পরিকল্পনার বিষয়ে জাতীয় সংসদে প্রশ্ন উত্থাপন করেছেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ।

রোববার (২২ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি এই প্রশ্ন উত্থাপন করেন। সংসদ সদস্য তাঁর প্রশ্নে জানতে চান, কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার মান বৃদ্ধিতে নতুন ভবন নির্মাণের কোনো নির্দিষ্ট পরিকল্পনা সরকারের রয়েছে কিনা।

এমপি রাহাদের প্রশ্নের জবাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন জানান, কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ২০০৪ সালে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। বর্তমান সরকার জনগনের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিরলস কাজ করছে। প্রতিটি নাগরিকের আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, নতুন অবকাঠামো বা ভবন নির্মাণের ক্ষেত্রে বর্তমান সক্ষমতা, রাষ্ট্রীয় সম্পদ এবং প্রয়োজনীয়তার বিষয়টি বিবেচনা করা হয়। শয্যা সংখ্যা বৃদ্ধির পাশাপাশি হাসপাতালের আধুনিক যন্ত্রপাতি ও প্রয়োজনীয় জনবল নিশ্চিত করাও সরকারের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতে কচুয়া এলাকার জনসংখ্যা এবং হাসপাতালে রোগীর চাপের হার (বেড অকুপেন্সি রেট) বিশ্লেষণ করে প্রয়োজন অনুযায়ী নতুন ভবন নির্মাণ বা সম্প্রসারণের বিষয়টি বিবেচনা করা হবে।

এ বিষয়ে সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ বলেন, "বাগেরহাটের সাধারণ মানুষের উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা আমার অন্যতম অঙ্গীকার। এই লক্ষ্যেই কচুয়াসহ পুরো বাগেরহাটবাসীর স্বাস্থ্যসেবার মানোন্নয়নে আমি সংসদে বিষয়টি তুলে ধরেছি। প্রয়োজনীয় অবকাঠামো ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে আমার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।"

মানবকণ্ঠ/ডিআর