Image description

নীলফামারীর ডিমলায় একটি ভুট্টা ক্ষেত থেকে পুলিশের ইউনিফর্ম, নেমপ্লেট ও ধারালো চাকুসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের উত্তর সোনাখুলী এলাকায় এসব সরঞ্জাম পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর সোনাখুলী গ্রামের ঝগড়ুর টাড়ী সংলগ্ন একটি ভুট্টা ক্ষেতে পরিত্যক্ত অবস্থায় পুলিশের কিছু সরঞ্জাম পড়ে ছিল। মাঠের কৃষকরা কাজ করতে গিয়ে বিষয়টি দেখতে পান এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ডিমলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সরঞ্জামগুলো জব্দ করে।

উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে— পুলিশের পোশাক (ইউনিফর্ম), একটি নেমপ্লেট, মোবাইল ফোনের সিমকার্ড ও একটি ধারালো চাকু। তবে সরঞ্জামগুলো আসল নাকি নকল এবং এগুলো সেখানে কীভাবে এলো, তা নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিত্যক্ত সরঞ্জামগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এগুলো পুলিশের কোনো সদস্যের হারিয়ে যাওয়া সরঞ্জাম কিনা কিংবা কোনো অপরাধী চক্র ছদ্মবেশ ধারণের জন্য এখানে ফেলে গেছে কিনা, তা গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে।"

মানবকণ্ঠ/ডিআর